চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লড়িতে আগুন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:৪৫

কুমিল্লার চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গাড়ির চালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়েছে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত গাড়ি চালক জাহাঙ্গীর আলম জানান, রবিবার চট্টগ্রাম থেকে রংয়ের কেমিক্যাল নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বিকেলে বৃষ্টি চলাকালীন সময়ে ছয়ঘড়িয়া এলাকায় গাড়ির ব্রেকের পাইপ ফেটে যায়, এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ইটের স্তূপে ধাক্কা লাগলে গাড়ি উল্টে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

প্রত্যক্ষদর্শী সেলিম মুন্সি জানান, গাড়িটি আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী বিদ্যুতের তার ও ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়। 

ঘটনার পরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূঁইয়া ও চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। 

এদিকে, মহাসড়কের ঢাকামুখী লেনে ট্যাঙ্ক লড়ির আগুনের ঘটনায় ওই লেনটিতে যান চলাচল বন্ধ হয়ে অপর লেনে যানবাহনের চাপ বেড়ে যানজট সৃষ্টি হয়। 

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, গাড়িটিতে দাহ্যতরল পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

ইত্তেফাক/এমএএম