পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আজ রবিবার (২৭ মার্চ) রাতে ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দেশটির ক্ষমতাসীন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শক্তি প্রদর্শনে বিশাল এক জনসভার আয়োজন করেছে। সেখানে ভাষণে ইমরান খান বিরোধী দলের নেতাদের দূর্নীতিবাজ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে বলেছেন, আমি ক্ষমতা হারাই বা মারা যাই দূর্নীতিবাজ নেতাদের ছাড়বো না।
ভাষণের শুরুতে ইমরান খান জনসভায় আসা লোকদের ধন্যবাদ জানান। এছাড়া এমন জনসভা আয়োজনের জন্য দলের নেতাদের ধন্যবাদ জানান। এনিয়ে ইমরান খান বলেন, 'এমন জলসা আয়োজন করায় আমি আমার দল ও জাতির প্রতি শ্রদ্ধা জানাই। আমায় খুশি করার জন্য ধন্যবাদ। আজ, আমি জাতির সঙ্গে হৃদয় থেকে হৃদয়ে কথা বলবো।'
তিনি আরও বলেন, 'জাতিগুলো মতাদর্শের ওপর গড়ে ওঠে, আর যে আদর্শের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়েছিল তা হচ্ছে ইসলাম।
'আমি যুক্তরাজ্যে থাকার পর একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা সম্পর্কে শিখেছি। এটি ঠিক সেই মডেল ছিল যার ওপর নবী মুহাম্মদ (সা.) মদীনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন,' বলেন ইমরান খান।
ইমরান খান বলেছেন, মুসলমানরা পবিত্র নবীর পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘকাল বিশ্ব শাসন করেছে। ইনশাআল্লাহ, একবার আমরা আমাদের পাঁচ বছরের মেয়াদ শেষ করলে ইতিহাস দেখাবে পিটিআই সরকার যতটা কাজ করেছে অন্য কোনো সরকার এতটা কাজ করেনি।
