পত্নীতলায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:১২

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, স্বচ্ছল ব্যক্তির নামে কার্ড প্রদান, ওজনে কম দেওয়া ও একই ব্যক্তির নামে একাধিক কার্ড করে দেওয়ার মাধ্যমে এ সব অনিয়ম করা হয়েছে।

সরেজমিনে ভিজিএফের চাল বিতরণ স্থান নজিপুর সিদ্দিকীয় সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে চাল নিতে আসা উপকারভোগীদের অনেকে জানান, তাদের ১৫ কেজির পরিবর্তে ১২-১৩ কেজি করে চাল দেওয়া হয়েছে। একই ব্যক্তিকে ২/৩ বার চাল দেওয়া হয়েছে। পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর অরুণ পাল ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মজিদ সেখানে উপস্থিত থাকলেও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বরং অপরিচিত লোকদের চাল উত্তোলনে তারা সহায়তা করেছেন।

এদিকে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম। এ সময় একাধিক নামে চাল উত্তোলনের বিষয়ে তিনি পৌর মেয়রের নিকট জানতে চাইলে পাশে দাঁড়িয়ে থাকা পৌর কর্মচারী মেহেদি হাসান ও চাল গ্রহীতা বহিরাগত রুস্তম আলী এক বস্তা চাল ও একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পত্নীতলা থানা পুলিশ চাল ও বাই সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

এদিকে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন, নজিপুর পৌরসভার ৪ হাজার ৬শ পরিবারকে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। এজন্য সরকারিভাবে ৬৯ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। অনিয়মের বিষয়টি অস্বীকার করে তিনি  বলেন, পুরুষ ও মহিলা কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে কার্ড বিতরণ করায় হয়তো একজন একাধিক কার্ড পেয়ে থাকতে পারেন। চাল আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম বলেন, ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।