ঢাকায় পোস্টারিং: হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:৫২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের প্রচার প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করেছিল। এ কাজে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

সোমবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ। 

এডিসি সাইদ নাসিরুল্লাহ জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনকে হিযবুত তাহরীর বিভিন্ন পন্থায় তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং বর্তমানে পরিচালিত কোন আইনই তারা মানে না। সংগঠনটির সদস্যরা অনলাইন মাধ্যম, বিভিন্ন এলাকায় অবস্থান ও পোস্টারিংয়ের মাধ্যমে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত উস্কানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে— গত ১৮ মার্চ বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিপন্ন করার নিমিত্তে উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করে একটি অনলাইন সম্মেলন করে বিভিন্ন প্রচার প্রচারণা চালায়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কার্জন হল, দোয়েল চত্বর বংশাল থানার বিভিন্ন এলাকায় উস্কানি ও উগ্রবাদী পোস্টারিংয়ের মাধ্যমে হিজবুত তাহরীর উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করা হয়। 

সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বংশাল থানার আগামাসী লেনের বাসায় অভিযান চালিয়ে রেজওয়ান পারভেজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি করে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন অ্যাপস পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজওয়ান ঘটনার দায় স্বীকার করে জানায়, সে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং পোস্টারিংয়ের সঙ্গে জড়িত ছিলো। পরে রেজওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানার একটি বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিজয় (২২), নূরে আলম মো. সিহাব উদ্দিন (৩১) ও আবু আল জিন্নাতুল (২২) কে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস, হিযবুত তাহরীরের বিভিন্ন লিফলেট, পোস্টার ও বিভিন্ন বই জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম জানিয়েছে। যারা নিয়মিত এই বাসায় আসা-যাওয়া করতো ও সংগঠনের কাজে সহযোগিতা করতো। গ্রেপ্তার সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা হিজবুত তাহরীরের নীতি, আদর্শ প্রচার করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্য সদস্যদের গ্রেফতারে কাজ করছে সিটিটিসি।

ইত্তেফাক/কেএইচ/এসজেড