খালেদা জিয়া মুক্তি পাবেন কি না সেটা আদালতের এখতিয়ার :কাদের

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:১৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আইনি লড়াই করেই তাকে মুক্ত করে আনতে হবে। তিনি মুক্তি পাবেন কিনা সেটি আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো করণীয় নেই। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার সাজা পাওয়ার এতদিন চলে গেল, আজ পর্যন্ত বিএনপির আন্দোলনের বিন্দু উত্তাপ রাজপথে নেই। এটা তাদের ব্যর্থতা।’

‘সরকার রাজনৈতিক স্বার্থে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে’ মর্মে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে কারাগারে কে রেখেছে? সরকার নাকি মামলা? আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন, সাজা দিয়েছেন। এ জন্য যদি সরকারকে দায়ী করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেন। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। এ বিষয়ে তিনি আরো বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করলে তাদের আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তাদের এ ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনটিতে যে জটিলতা চলছে, তার অবসান অচিরেই ঘটানোর আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আমার অনুপস্থিতিতে ছাত্রলীগের কমিটির ব্যাপারে নেত্রী আমাদের দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন তাদের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানে। তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, যোগাযোগ হচ্ছে। আন্দোলন-প্রতিবাদ করছে যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা করি, অচিরেই সমাধান হবে।’