রাজশাহীর বাঘায় বিজিবি ক্যাম্প থেকে মোবাইল ফোন চুরি সন্দেহে একজন পাহারাদারকে মারপিটের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ক্যাম্প ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে ছুটে যান বিজিবির সিও, পুলিশের এএসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাঘা থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে পদ্মা নদীর পাড়ে পিচবোর্ড রাখার জায়গায় একটি থাকার ঘর রয়েছে। সেই ঘর থেকে শনিবার সকালে একটি মোবাইল ফোন চুরি হয়। চোর সন্দেহে পার্শ্বের আমবাগানে থাকা প্রহরী হাফিজুল ইসলামকে বেধড়ক মারপিট করে ওই ক্যাম্পের ইনচার্জ সুবেদার শফিকুল ইসলাম ও হাবিলদার রহিম। খবর পেয়ে স্থানীয় লোকজন হাফিজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে চোর সন্দেহে একজন আম প্রহরীকে মারপিটের ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে উঠে গ্রামবাসী। তারা ঐক্যবদ্ধ হয়ে লাঠি-সোঁটা নিয়ে পুরো ক্যাম্প এলাকা ঘিরে ফেলেন। এ সময় তোপের মুখে পড়েন ওই ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা সুবেদার শফিকুল ইসলাম ও হাবিলদার রহিম। তারা বিষয়টি রাজশাহী কম্পানি কমান্ডারকে জানালে সেখান থেকে ছুটে আসেন সি.ও লে. কর্নেল তাজ উদ্দিন, চারঘাট সার্কেলের এ.এস.পি নুরে আলম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এবং ওসি মহাসীন আলী।
এ বিষয়ে রাজশাহী বিজিবি’র (সি.ও) লে. কর্নেল তাজ উদ্দিন বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
