৫ হাজার পিস ইয়াবা নিয়ে মধ্যপ্রাচ্য যেতে চেয়েছিলেন সোহেল

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:১৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে প্রবেশের আগে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের এক যাত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রী শারজাহতে যাওয়ার জন্য চট্টগ্রাম বিমান বন্দরে যান।

বিমান বন্দর ম্যানেজার উইং কমান্ডার সরোয়ার-ই-জাহান ইত্তেফাককে বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইটে ইয়াবা নিয়ে যাওয়ার সময় যে ক’জন ধরা পড়েছে তাদের মধ্যে এটি অন্যতম বৃহত্ চালান। বিমান বন্দর নিরাপত্তা কর্মকর্তা সূত্র জানায়, গতকাল শনিবার বিকালে বিমান বন্দরের গাড়ি রাখার স্থানের কাছে আনসার চেকপোস্টে তল্লাশির সময় মো. সোহেল নামে এক যাত্রী ইয়াবাসহ ধরা পড়ে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। বিকাল সাড়ে ৫টার দিকে আনসার চেকপোস্টের সামনে সোহেলের গতিবিধি দেখে আনসার সদস্য ওবায়েদের সন্দেহ হয়। এসময় তার হাতে থাকা একটি পলিথিনের ব্যাগে তল্লাশি করে কিছু ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে নেওয়া হয় বিমান বন্দরের নিরাপত্তা কার্যালয়ে। সেখানে তার জুতার ভেতরে আরো ইয়াবা পাওয়া যায়।