চট্টগ্রাম অফিস
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম শহর পরিকল্পিত শহর নয়। যানবাহনের তুলনায় বাস ও ট্রাক টার্মিনালের সংকট রয়েছে। বর্তমানে যে অসুবিধা রয়েছে তা নিরসনে চট্টগ্রাম শহরে দুটি ট্রাক টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পণ্য পরিবহনে মালিক ফেডারেশন অগ্রণী ভূমিকা রাখছে। সরকার এজন্য রাস্তা চার লেনে পরিণত করেছে। চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রাস্তা বড় করার সাথে সাথে দুর্ঘটনাও বাড়ছে। চালকদের চোখে ঘুম নিয়ে এবং জাল ড্রাইভিং সনদ নিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানান। গতকাল শনিবার বিকালে রেডিসন ব্লুতে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।
