আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের গণতন্ত্র এখনো শঙ্কা মুক্ত নয়। বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদী চক্র এখনো গণতন্ত্র নস্যাত্ করার চক্রান্ত করছে। গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দল এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা, গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের বিরুদ্ধে ও গণতন্ত্র ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত, জঙ্গিবাদী চক্র একের পর এক চক্রান্ত করছে। তাদের কাছ থেকে আমাদের দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তাই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’ ঈদের পর সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সভা সমাবেশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পর বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদী চক্রের বিরুদ্ধে আমরা ১৪ দল মাঠে নামবো। দেশের বিভাগীয় শহর ও জেলা শহরে সমাবেশ করবো।’
মোহাম্মদ নাসিম বলেন, দেশে জঙ্গিবাদ একেবারে শেষ হয়ে যায় নাই, এরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এখন আমরা আবার নতুন করে জঙ্গিবাদের আওয়াজ শুনতে পাই। আবারও মানুষ হত্যা করার জন্য ডাক দেওয়া হচ্ছে। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মোহাম্মদ নাসিম বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন সাংবাদিকতার কিংবদন্তি। তিনি উদার গণতন্ত্রের ধারক। একজন রাজনীতিমনস্ক সাংবাদিক হয়েও তার রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ ছিল না, ছিল না ব্যক্তিগত কোনো লোভ। এ কারণেই সত্ ও নির্মোহ অবস্থান থেকে সত্য কথা বলার সাহস দেখাতে পারতেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি বিরোধী দলের ভূমিকায় ছিল। তারা জঙ্গিবাদে জড়িয়ে বিরোধী দলের আনুষ্ঠানিক যোগ্যতা হারিয়েছে। এখন জাতীয় পার্টি সেই বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, বিএনপি এখন রাষ্ট্রের শত্রু হিসেবে দাঁড়িয়েছে। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার। তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবস্থান, ইত্তেফাকের সাংবাদিকতা এবং আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান ছিল এক ও অভিন্ন।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
