ম্যাক্সওয়েলের বিয়েতে জুতা চুরি, সম্পূর্ণ ঘটনাই কাল্পনিক!

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৫:৪১

বিয়ের আসরে নতুন জামাইয়ের জুতা চুরি হয়। চুরি করে জুতা লুকিয়ে রাখেন শ্যালক-শ্যালিকারা। পরে টাকা দিয়ে সেই জুতা উদ্ধার করতে হয় জামাইকে। উপমহাদেশের বিয়েতে যুগ যুগ ধরে ঘটে আসছে এই আনন্দের ঘটনা।

নিছকই মজার এই রীতি বুঝতে পারেননি সদ্যই ভারতের জামাই বনে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। বিয়ের আসর থেকে জুতা চুরি হওয়ার ঘটনায় রীতিমতো থানায় মামলা ঠুকে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

ভারতের মেয়ে বিবি রামনের সঙ্গে ২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করছিলেন ম্যাক্সওয়েল। চলতি মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। চিকিৎসক রামনের সঙ্গে প্রথমে অস্ট্রেলিয়ান ও পরে তামিল রীতিতে বিয়ে হয় ম্যাক্সওয়েলের।

ভারতীয় বিয়ের অনুষ্ঠানেই কেউ মজার ছলে নতুন জামাইয়ের জুতা লুকিয়ে ফেলেন। ম্যাক্সওয়েল ভেবেছিলেন তার জুতা চুরি হয়েছে। তাই থানায় মামলা ঠুকে দেন। অবশ্য পরে ভারতীয় বিয়ের এই মজার রীতি জানানো হয়েছে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। সব শুনে অভিযোগ তুলে নেন ম্যাক্সওয়েল, এমন খবরও প্রচার হয়!

তবে সম্পূর্ণ ঘটনাটিই কাল্পনিক। এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গত ২৪ মার্চ 'the12thman.in' নামক একটি ভারতীয় অনলাইনে খবরটি প্রকাশিত হয়।

সেই খবরের শেষাংশে বলা হয়েছে, এটি মূলত একটি মিম থেকে নেওয়া। যেটি পরে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অতএব এটি কোনো সত্য ঘটনার বর্ণনা নয় বলেই জানা গেছে।

ইত্তেফাক/টিএ