বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:৩১

মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় প্রধান আসামি মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় খুলনার কয়রা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় মো. শাহিনকে (৩৫) ছুরিকাঘাত করে হত্যা করেন তারই বন্ধু মারুফ। এ ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে মারুফকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামি রয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মারুফকে গ্রেফতার করতে সক্ষম হন।

মোহাম্মদ মনিরুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

 

ইত্তেফাক/এসজেড