‘অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না’

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:২৫

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু আর চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, এসকল কাজে যদি কেউ জড়িত থাকে আপনারা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাবেন, তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রজন্ম সোনারগাঁও-এর সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সেলিনা আক্তারের উদ্যোগে এলাকার এতিম, দুস্থ, প্রতিবন্ধী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি হারুন আরো বলেন, আমি এ ধরনের সামাজিক সংগঠন ও এর উদ্যোক্তাদের স্বাগত জানাই, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করে। এসময় তিনি প্রজন্ম সোনারগাঁও-এর যেকোনো জনহিতকর কর্মসূচিতে তার পক্ষ থেকে সার্বিক সহায়তারও আশ্বাস দেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজু সাহা, সোনারগাঁও প্রেসক্লাবের সেক্রেটারি আল আমিন তুষারসহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. রেজাউল হোসাইন।