মতিন হত্যা মামলায় একজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন 

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৪:৫৫

জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামে আব্দুল মতিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে একজনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকিদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামির দণ্ড বহাল রেখেছেন।

বুধবার (৩০ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-ধারকী গ্রামের ওয়াজেদ আলী ওরফে তোরাফ, মো. চৈতুন মোল্লা, ছাবাদুল, মো. মাজিরউদ্দিন, মো. আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়া।

যাবজ্জীবন প্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু। এ ছাড়া বিচার চলার সময়ে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০০৬ সালের ২৭ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে ধারকী গ্রামের আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই নিহতের ভাই মামলা করেন। বাসস

ইত্তেফাক/কেকে