হাবিপ্রবিতে অফিসারদের গুড গভর্নেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৭:৫৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০১৯ সালে যোগদানকৃত নবীন অফিসারদের জন্য 'গুড গভর্নেন্স ফর দ্যা অফিসার্স অব এইচএসটিইউ' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় আইকিউএসি-এর কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। টেকনিক্যাল সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের সাবেক রেক্টর এ. কে. এম. আব্দুল আওয়াল মজুমদার।

সেমিনারটিতে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্‌ মইনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম. কামরুজ্জামান বলেন, সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক ও যুগোপযোগী সরকারী সেবা। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি প্রতিষ্ঠানে শুদ্ধাচার কমিশন ব্যবস্থা প্রবর্তন করেছেন। হাবিপ্রবি এক্ষেত্রে একটু পিছিয়ে থাকলেও আমি যোগদান করার পর এর উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছি।

তিনি আরো বলেন, গুড গভর্নেন্স এর অন্যতম উদ্দেশ্য হলো সেবা প্রত্যাশীদের নিকট সহজে সেবা পৌঁছে দেয়া। এসব সেবা নিশ্চিতের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে সিটিজেন চার্টার করার জন্য একটি কমিটি করে দিয়েছি। দ্রুত ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হবে, এর মাধ্যমে কোন ফাইল আসা মাত্র নোটিফিকেশন চলে আসবে। গুড গভর্নেন্স এর এই সামগ্রিক বিষয়গুলো বাস্তবায়নে আপনারা তথা কর্মকর্তাবৃন্দের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে এ ধরণের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইকিউএসি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইত্তেফাক/এআই