আফগানিস্তান ৩৮.২ ওভারে ২০৭/১০ (নজিবুল্লাহ ৫১, রহমত ৪৩; কামিন্স ৩/৪০, জাম্পা ৩/৬০)
অস্ট্রেলিয়া ওভারে ৩৪.৫ ওভারে ২০৯/৩ (ওয়ার্নার , ফিঞ্চ ৬৬;
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করেছে। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার বোলিং নৈপুণ্যের পর ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটিং অজিদের জয়টিকে অনায়াস করে তোলে।
অসম এই দুইদলের লড়াইয়ে আফগানিস্তান ৭ উইকেটে হারলেও তাদের সান্তনা প্রথম এশিয় দল হিসেবে এবারের বিশ্বকাপে দুই শতাধিক রান তুলতে পারা। বল হাতেও তারা শেষদিকে লড়াই চালিয়ে অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিতে পেরেছিল।
আফগানিস্তান দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামার পর অধিনায়ক গুলবাদিন নাইব টসে জিতে ব্যাটিং নিয়ে ২০৮ রান তুললেও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তা যথেষ্ঠ ছিল না। তার মধ্যে ব্রিস্টলে দুই ওপেনার কোন রান না করেই আউট হয়ে যান। তারপরও দলটির সংগ্রহ যে দুইশ ছাড়ায় তা মুলত ষষ্ঠ উইকেটে নজিবুল্লাহ ও গুলবাদিনের ৮৩ রানের পার্টনারশিপের কারণে। নজিবুল্লাহ দল সর্বোচ্চ ৫১ ও গুলবদিন ৩১ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা তিনটি করে এবং মার্কাস স্টয়নিস দুই উইকেট নেন। তাতে ৩৮.২ওভারের বেশি ব্যাট চালাতে পারেনি আফগানরা। এরপর ২০৮ রানের মামুলি লক্ষ্যে অধিনায়ক ফিঞ্চ ৪৮ বলে ৬৬ রান করেন। অন্য প্রান্তে ধীরস্থিরভাবে খেলে ৮৯ রানে অপরাজিত থেকে ৯১ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌছে দেন ওয়ার্নার।
এ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পান ওয়ার্নার। স্বাগতিক দর্শকরা অবশ্য তাকে অর্ধশতকে পৌছার পর দুয়োধ্বনি দেয়।
পাচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের খেলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আগামি বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার কার্ডিফে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।
