যুক্তরাষ্ট্রে ভারতের জিএসপি সুবিধা বাতিল

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:০৫

আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) সুবিধা বাতিল করতে যাচ্ছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ব্যাপারে ঘোষণা দেন। চলতি বছর মার্চ মাসে তিনি ভারতের এই সুবিধা বাতিল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

শুক্রবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ভারতের প্রায় ২ হাজার পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে যাচ্ছে; কিন্তু ভারত তাদের বাজারে মার্কিন পণ্য প্রবেশেও সমান সুবিধা দেবে এমন নিশ্চয়তা এখনো দেয়নি। এ ব্যাপারে ভাবার জন্য তাদের ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। অথচ দেশটি আমাদের জিএসপি সুবিধার বৃহত্তম সুবিধাভোগী। তারা সাড়ে ৫শ কোটি ডলারের সমপরিমাণ পণ্য কোনো শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। তিনি ভারতকে ‘ট্যারিফ কিং’ আখ্যা দিয়ে বলেন, তারা আমাদের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।

এদিকে, জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে ২০টিরও বেশি মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে বলে এনডিটিভিকে জানিয়েছেন কয়েকজন ভারতীয় কর্মকর্তা। এর আগে ভারতের জিএসপি সুবিধা বাতিল না করতে মার্কিন কংগ্রেসের ২৪ জন সদস্য ট্রাম্প প্রশাসনকে গত ৩ মে চিঠি পাঠায়।

জিএসপি যুক্তরাষ্ট্রের দেওয়া সবচেয়ে পুরোনো এবং বড় বাণিজ্য সুবিধা। এর মাধ্যমে উন্নয়শীল অর্থনীতির দেশগুলোকে বিনা শুল্কে শত শত পণ্য সেদেশের বাজারে ঢোকার অনুমতি দেওয়া হয়। জিএসপি ব্যবস্থাপনার সুবিধা যে কয়টি দেশ পেত, তার মধ্যে ভারতের উপকার হতো সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ২০১৭ সালে সাড়ে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠায় ভারত; কিন্তু এবার বন্ধ হচ্ছে সেই রাস্তা। ২০১৭ সালে তুরস্ক ছিল পঞ্চম বৃহত্তম সুবিধাপ্রাপ্ত দেশ; কিন্তু সেই সুবিধা হারাতে যাচ্ছে তুরস্কও। খবর দ্য হিন্দু ও এনডিটিভির।