গাড়িচাপায় প্রাণ গেলো দম্পতির

আপডেট : ৩১ মার্চ ২০২২, ২২:৩০

কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর।

নিহতরা হলেন-জেলার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের নাসির উদ্দিন (৫০) ও তার স্ত্রী শরীফা বেগম (৪২)। 

ওসি জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে একটি মোটরসাইকেল, একজন পুরুষ ও একজন নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। সন্ধ্যায় দুইটি লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অজ্ঞাতনামা দ্রুতগতির কোনো গাড়িচাপায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

ইত্তেফাক/এএএম