সরবরাহ লাইনের মেরামত কাজের কারণে ঢাকা ও নারায়ণগঞ্জের আশে পাশের বেশ কয়েকটি এলাকায় ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। শুক্রবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত এ সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাসের সরবরাহ পাইপ লাইন মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত গোদনাইল, হাজিগঞ্জ, ওয়াপদা পুল, ফতুল্লার পঞ্চবটি, মাইজদাইর, চাষাড়া, কুতুবাইল, ধর্মগঞ্জ তক্কার মাঠ, পাগলা, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, মুক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, ধর্মগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এসব এলাকার সিএনজি, আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
