ইউক্রেনে আগ্রাসনের সময় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) দখল করে রুশ বাহিনী। পরে তারা এটি ছেড়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফেসবুকে দেওয়া পোস্টে চেরনোবিলের দায়িত্বে থাকা ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা জানায়, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আর কোনও বহিরাগত অবশিষ্ট নেই।
এক টুইটে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, রাশিয়ান বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে এবং তারা নিজেদের সেনাদের কাফেলা সরিয়ে নিয়েছে।
ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোটম এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় দখলদার বাহিনী।
চেরনোবিলের তেজস্ক্রিয় বিকিরণ থেকে দূষিত পদার্থ দ্বারা রাশিয়ার কিছু সেনা আক্রান্ত হওয়ারও দাবি করেছে এনারগোটম। আক্রান্ত রুশ সেনাদের কেউ কেউ বেলারুশে চিকিৎসা নেওয়ারও খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
