কুড়িল ফ্লাইওভারে ‘সড়ক দুর্ঘটনায়’ বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৪:৪৪

রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভার থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাক কিংবা বাসের চাপায় তার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির এ তথ্য জানান। 

তিনি জানান, সকাল ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় তার নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন, ফ্লাইওভারে তার স্কুটিটিকে চাপা দেওয়া হয়।

মুন্সি সাব্বির আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করা হচ্ছে।

লাশ সুরতহাল শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘মীমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন- তা তাৎক্ষণিক জানা যায়নি।’

ইত্তেফাক/এসজেড