পর্যটন সাংবাদিক সংবর্ধনা পেল ১৪ জন

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২২:৪৮

১৪ জনকে পর্যটন সাংবাদিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ দেওয়া হয়।

আয়োজকেরা জানিয়েছেন, দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা পেয়েছেন ইলেকট্রনিক মিডিয়ায় ক্যাটাগরিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সোহেল রানা, বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী, বাংলা টিভির মো. আসাদ রিয়েল, দেশ টিভির আনোয়ার হোসেন, স্পাইসি টিভি নাঈম উল ইসলাম, সময় টিভির রাশেদ বাপ্পী, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক সমকালের গোলাম কিবরিয়া, দৈনিক আজকের পত্রিকার সাইফুল মাসুম, দি মেসেজ বাংলাদেশের কাজী মোহিনী ইসলাম, অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজ২৪. কমের মিরাজ মাহবুব ইফতি, ঢাকা পোস্ট.কমের আদনান রহমান, লাইফ-স্টাইল ট্যুরিজম ক্যাটাগরিতে দৈনিক সমকালের তৌহিদুল ইসলাম তুষার, সলো ট্রাভেল ফিচার রাইটার ক্যাটাগরিতে রোদেলা নীলা ও স্পেশাল ক্যাটাগরিতে পেয়েছেন লেখিকা কামরুন নাহার বীথি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গ্লোবাল টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর।