গানের তালে তালে কাঁপছে পুরো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা মিলনায়তন; আর মুখে মুখে চলছে 'আয় আয় বন্ধুরা ফিরে আয়- শৈশব কৈশরের ঠিকানায়'। এই বিশাল শ্রোতা আর উল্লাস আর্বোভাইরাসের মঞ্চ কাঁপানো সন্ধ্যা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত "রুপায়ন সিটি প্রেজেন্টস মিডিয়াবাজ স্প্রিং ২০২২" আয়োজনকে অনন্য রূপ প্রদান করে। করোনা পরবর্তী সময়ে তিনদিন ব্যাপী বিশাল এই আয়োজন ও কনসার্ট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নতুন করে ফেরার স্বস্তি প্রদান করে।
"রুপায়ন সিটি প্রেজেন্টস মিডিয়াবাজ স্প্রিং ২০২২" আয়োজনের এই বিশেষ কনসার্ট নিয়ে শিক্ষার্থীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী গানের আর্বোভাইরাসের 'হারিয়ে যাও তুমি' গানের সাথে এক নিমেষে ক্যাম্পাস জীবনে নতুন করে প্রত্যাবর্তনের উল্লাসে হারিয়ে যায়। শিক্ষক- শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিশাল সময় পর ফেরা ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। অনেকেই প্রিয় বন্ধু-বান্ধবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গানের সাথে চোখ ভিজিয়েছে।
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের তিন দিনব্যাপী এই আয়োজনের শুরুতে ছিল বিভাগীয় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞাপন নিয়ে আলোচনা “এডভারটাইজিং: ইমার্জিং ট্রেন্ডজ” এবং ৩১শে মার্চ আয়োজন শেষ করেছে দেশসেরা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর “পাওয়ার অফ ভিজুয়াল স্টোরি টেলিং” সভার মাধ্যমে। আর এর মাঝে ছিল জনপ্রিয় মোটিভেশনাল বক্তা ও নগদের জনসংযোগ বিভাগের প্রধান সোলাইমান সুখনের সাথে আলোচনা সভা, রাফসান সাবাবের সাথে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বিষয়ক ওয়ার্কশপ, আইডিয়া জেনারেটিং প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং তরুণ প্রজন্মের পছন্দের ব্যান্ড দল আর্বোভাইরাসের মঞ্চ কাঁপানো কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সমাপনী দিনের শুরুতে করোনা পরবর্তী সময়ে আজকের ব্র্যান্ডিং বিষয়ক আলোচনা সভা উপস্থিত ছিলেন জনপ্রিয় মোটিভেশনাল বক্তা ও নগদের জনসংযোগ বিভাগের প্রধান সোলাইমান সুখন, “আমার পে”-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারোয়ার, “সেভ দ্যা চিলড্রেন”- বাংলাদেশ এর উপ-পরিচালক সাব্বির রহমান। শিক্ষার্থীদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি প্রতিষ্ঠানের প্রচারণা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি বজায় রাখতে নিজেদের অভিজ্ঞতাগুলো উপস্থাপন করে।
সবচেয়ে আলোচিত ছিল, দিনের দ্বিতীয় সেশনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি দিয়ে গল্প উপস্থাপনের সেশনটি। ছবি বানানোর জন্য কি ধরনের গল্প হওয়া দরকার, কিভাবে চিন্তা শক্তির প্রখরতা দিয়ে একটি বাস্তব ঘটনাকে ছবিতে বা সিনেমায় দৃশ্যায়ন করা সম্ভব; এসব কিছু নিয়েই বিকেলের সেশনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সবচাইতে বড় ও জনপ্রিয় আয়োজনের “রুপায়ন সিটি প্রেজেন্টস জেএমসি মিডিয়াবাজ- স্প্রিং ২০২২” এর সমাপ্তি ঘটে।
