কাউনিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, দম্পতি আটক

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৬:৫৩

রংপুরের কাউনিয়ার টেপামধুপুরে সাইদুল ইসলাম (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান।

নিহত সাইদুল উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজম খাঁ গ্রামের অজিমুদ্দিনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাসুমুর রহমান জানান, সাইদুল গতকাল শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজা-খুঁজির পর শনিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় পার্শ্ববর্তী রফিকুলের বাড়ির উঠানে রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। বেলা সাড়ে ১২ টায় পুলিশ এসে রফিকুলের বাড়ির শোয়ার ঘর থেকে সাইদুলের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। সাইদুলকে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একই গ্রামের হারেস উদ্দিনের ছেলে রফিকুল (৩৫) ও তার স্ত্রী বুলবুলি বেগমকে (২৮) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে পুলিশ জানায়।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে রফিকুলের স্ত্রী বুলবুলির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও ওই পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এঘটনায়, সিআইডি, পিবিআই পুলিশের কর্মকতারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। রংপুর পুলিশের এ সার্কেল আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, রফিকুল হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।    

ইত্তেফাক/ ইআ