বাগেরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৪৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. ফরিদুল ইসলামের নাম ঘোষণায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করলেও জামায়াত নেতা আব্দুল ওয়াদুদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে  উল্টো ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে এলাকায়।

রামপাল-মোংলা এ দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন। বিভিন্ন কারণে আসনটি প্রত্যেকটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে বর্তমান পর্যন্ত অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সকল নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। বর্তমানে এ আসনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সহধর্মিণী হাবিবুন নাহার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ১৯৯১ সাল থেকে কয়েকটি নির্বাচনে জামায়াতের প্রার্থী বরাবরই হেরেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বুধবার বাগেরহাট-৩ আসনে বিএনপির পক্ষে জেলা বিএনপির সহ-সভাপতি ড. ফরিদুল ইসলাম ও জামায়াত নেতা অ্যাড. আব্দুল ওয়াদুদ মনোনয়নপত্র দাখিল করেন। এরপরে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ অসন্তোষ ছড়িয়ে পড়ে।

রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহসীন ইজারাদার বলেন, দীর্ঘদিন ধরে এ আসন থেকে জামায়াতের প্রার্থী নির্বাচন করার কারণে আমরা আসনটি হারিয়েছি। এ বছর ধানের শীষ প্রতীক নিয়ে ড. ফরিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেয়ায় আমরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু জামায়াতের প্রার্থী মনোনয়ন দাখিল করাতে শুধু আমি নয়, আমাদের সকল নেতাকর্মীর মন ভেঙে গেছে। আমরা চাই, ধানের শীষের প্রার্থী হিসেবে একমাত্র ড. ফরিদুল ইসলামই নির্বাচনে অংশ গ্রহণ করুক।

মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নিতিশ বিশ্বাস বলেন, মোংলা-রামপালে বিপুল পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন। তারা কখনও জামায়াত নেতাকে ভোট দেবেন না। কিন্তু এ আসনে বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আমার ও স্থানীয় নেতাকর্মীদের দাবি- যাতে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই জামায়াত নেতা আব্দুল ওয়াদুদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। সেই থেকেই এলাকার মানুষের সুখে-দুখে পাশে থেকেছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তারা চায় ধানের শীষ প্রতীকে বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচন করি। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আশা করি, দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের চাহিদা অনুযায়ী দল আমাকে এ আসনে নির্বাচন করার সুযোগ দেবে। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে।