স্বস্তি ফেরালেন এবাদত

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫:২৮

ডারবান টেস্ট কোন দিকে যাচ্ছে তা এখনো বলা যাচ্ছে না। তবে অতীতের পরিসংখ্যান হিসাব করলে এটা অন্তত বলা যায় যে, ম্যাচটি ক্রমশ বাংলাদেশের হাত থেকে দূরে সরে যাচ্ছে। আজ (৩ এপ্রিল) চতুর্থ দিন এরই মধ্যে ১৩০+ রানের লিড পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

গতকাল বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট করে দেয় তারা। এতে ৬৯ রানের লিড পায় প্রোটিয়ারা। পরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রান করলে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর বল মাঠে গড়ায়নি। আজ সেখান থেকে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ও সারেল এরউই সফরকারী বোলারদের দেখেশুনে খেলতে থাকেন। ক্রমশ দুশ্চিন্তা বাড়ছিল।

অবশেষে টাইগার শিবিরে স্বস্তি এনে দিয়েছেন এবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার রান যখন ৪৮, ঠিক তখনই দুর্দান্ত এক ডেলিভারিতে এরউইকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। ৮ রান করে ফিরে গেছেন এরউই।

এই রিপোর্ট লেখার সময় প্রোটিয়াদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৬৩ রান। লিড দাঁড়িয়েছে ১৩২ রানে। ডিন এলগার ৪৩ ও পিটারসেন ৬ রানে অপরাজিত।  

ইত্তেফাক/টিএ