বছর দুই পর রমনা বটমূলে ফিরছে ছায়ানটের বর্ষবরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯:২৫

বছর দুই পর আবারও রমনা বটমূলে ফিরছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন। নব আনন্দ জাগো, থিমে এবার নতুন বছরকে বরণ করবে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এবারের আয়োজনেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

শনিবার (২ এপ্রিল) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন। আরও ছিলেন নির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহ-সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

নতুন বাংলা বছরের প্রথম সূর্যোদয়ে আবারও রমনার এই বটমূল মূখর হবে সুর আর বাণীতে। ১৯৬৭ তে শুরু হওয়া বর্ষবরণের এই ঐতিহ্যে, করোনার আগে ছেদ পড়েছিল শুধু ১৯৭১ এ। ছায়ানটের প্রত্যাশা, উৎসবের ধারায় বটমূলে বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত আর আনন্দঘন।

এর মধ্যেই মাসব্যাপী চলছে মহড়া। বরাবর সোয়াশোর মতো শিল্পী বর্ষবরণে অংশ নিলেও স্বাস্থ্যবিধি বিবেচনায় কমিয়ে আনা হয়েছে শিল্পী সংখ্যা। ভোরের আলোয় রাগ সংগীতে শুরু হবে বর্ষবরণ আয়োজন।

ইত্তেফাক/বিএএফ