ইউক্রেনের বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে কিয়েভের কাছে বুচা শহরটি পুনরুদ্ধার করেছে। সেখানকার একটি রাস্তায় বেসামরিক পোশাক পরা কমপক্ষে ২০ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
এএফপি’র সাংবাদিকরা জানান, মৃতদের একজনের হাত বাঁধা ছিল এবং মৃতদেহগুলো রাজধানীর উত্তর-পশ্চিমে শহরতলির আবাসিক সড়কের কয়েকশ মিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সের্গেই নিকিফোরব বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, কিয়েভের চারপাশের অঞ্চল থেকে পিছু হটার সময় রুশ বাহিনী যুদ্ধাপরাধের আলামত রেখে গিয়ে থাকতে পারে।
কিয়েভের কাছে বুচা, হস্তমেল এবং ইরপিন শহর থেকে যেসব চিত্র পাওয়া যাচ্ছে তা ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন তিনি। নিকিফোরব বলেন, ইউক্রেন বাহিনী শহরগুলোতে গণকবর খুঁজে পেয়েছে। সেখানে লাশগুলোর হাত-পা বাঁধা ছিল। তাদেরকে পিঠে, মাথায় গুলি করা হয়েছে।
তিনি বলেন, এরকম কেন ঘটছে তা বোঝা খুবই কঠিন। এটি পুরোপুরি নির্মমতা। সামরিক দিক থেকে এসব করার কোনও প্রয়োজন ছিল না।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিইভের উপকণ্ঠে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার ট্যাংক ও সামরিক বাহনের একটি কলাম ইউক্রেইনীয় বাহিনীর চোরাগোপ্তা হামলায় পড়ে ধ্বংস হয়।
