জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেসা হলের ডাইনিংয়ের খাবারের মান বাড়ানোসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
রবিবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় ফজিলাতুন্নেসা হলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
তাদের অন্য দাবিগুলো হলো— হলে ক্যান্টিন চালু করা, ইলেকট্রনিক সমস্যা সমাধান করা, আসবাবপত্র সমস্যা সমাধান করা ও হল সুপারের 'কর্তৃত্ববাদী' আচরণ নির্মূল করা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, কোন সমস্যা নিয়ে হল প্রশাসনের কাছে গেলে তারা নতুন হলের দোহাই দিয়ে ফেলে রাখেন। হল সুপার কর্তৃত্ববাদী আচরণ করেন। সারাবছর হল প্রশাসনের কোনো খোঁজ থাকে না, অথচ ২৬ মার্চ ফিস্টের দিন তাদের সবার আনাগোনা থাকে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, হলের ডাইনিংয়ের মানহীন খাবার নিয়ে যখনই অভিযোগ করি, তখনই রান্না করে খেতে বলা হয়। হলের ডাইনিংয়ের খাবারের মান ঠিক করতে হবে। অন্যথায় রাতে বাইরে খেতে যাওয়ার অনুমতি দিতে হবে। হলের পচা খাবার দিয়ে সেহরি করা সম্ভব না।
এ বিষয়ে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, হলের এসব সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আজ শিক্ষার্থীদের সমস্যাগুলো জানতে পারলাম। তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।
