ওয়াশিংটনে বাংলাদেশ-মার্কিন নিরাপত্তা সংলাপ বুধবার

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২:৪৮

বৃহত্তর নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনার জন্য বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপে বসবে বাংলাদেশ। ওয়াশিংটনে অনুষ্ঠেয় দুই দেশের অষ্টম নিরাপত্তা সংলাপে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন।

এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, দুই দেশের নিরাপত্তা সংলাপের আলোচ্যসূচিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অনেকগুলো বিষয় রয়েছে। এই আলোচনায় যথারীতি র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশ তুলে ধরবে। এর পাশাপাশি আইপিএস, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার নানা বিষয়ে দুই দেশ একে অন্যের অবস্থান তুলে ধরবে।

ঢাকার কর্মকর্তারা বলছেন, গত ২০ মার্চ অংশীদারত্ব সংলাপের মধ্য দিয়ে দুই দেশের নিয়মিত বৈঠকগুলো আবার শুরু হয়েছে। নিরাপত্তা সংলাপের দুই দিন আগে অর্থাৎ আজ সোমবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আলোচনায় বসছেন। দুই পররাষ্ট্রমন্ত্রী তাদের আলোচনায় সম্পর্ককে পরের ৫০ বছরে কোথায় নিয়ে যেতে আগ্রহী, তা নিয়ে আলোচনা করবেন। এ দিন দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। 

আইপিএসের মাধ্যমে সমুদ্রপথে অবাধে ও নিরাপদে পণ্যের সরবরাহের বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ আইপিএসে অর্থনৈতিক উপাদানে বেশি জোর দিচ্ছে। এটি যেন কোনো পক্ষকে প্রতিহত করার জন্য না হয়, সে প্রসঙ্গটি বাংলাদেশ সামনে এনেছে।

ইত্তেফাক/এএইচপি