কনের বাড়ি নেপাল। গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া হবে না বন্ধুদের, তাই ক্যাম্পাসেই বান্ধবীর হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন কনের সহপাঠীরা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে হয়ে গেলো এমনই এক আনন্দময় মুহূর্ত।
নেপালের মেয়ে সৃজানা বি সি বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি বনায়ন রিসার্চ ফিল্ডের পাশে বাংলাদেশের সংস্কৃতিতে সৃজানার গায়ে হলুদের আয়োজন করে কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিলো কনের আইবুড়ো ভাত, কনেকে আলতা দেওয়া এবং সবশেষে গায়ে হলুদ দেয়া।
গায়ে হলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মাসুমা পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেপালি শিক্ষার্থীরা।
সৃজানার বান্ধবী নুসরাত নওরীন অর্পা বলেন, 'ক্যাম্পাস জীবন শেষে কে কোথায় থাকবো সেটা বলা যাচ্ছে না। সৃজানার বাসায় যাওয়া আমাদের পক্ষে যাওয়া সম্ভব নাও হতে পারে । তাই বান্ধবীর গায়ে হলুদ এর দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করেছি। ক্ষুদ্র পরিসরে আয়োজন হলেও অনেক ভালো একটি দিন কেটেছে।'
কনে সৃজানা উচ্ছ্বসিত কণ্ঠে জানান, 'নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি কখনোই ভাবিনি যে আমার বন্ধু-বান্ধবীরা আমার গায়ে হলুদের আয়োজন এভাবে করবে। আমাদের নেপালের সংস্কৃতি এমনটা নয়। বাংলাদেশে আমার এই গায়ে হলুদ আমার জীবনে বিশেষ স্মৃতি।'
