টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গত বুধবার কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অমিত দেবনাথের কাছে মনোনয়ন জমা দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়টি কঠোরভাবে দেখার কথা। কিন্তু তা সঠিকভাবে দেখা হচ্ছে না। এতে আমি ক্ষুব্ধ। আমার অভিযোগের বিষয়টি আমি সহকারী রিটার্নিং অফিসারের কাছে বিনীতভাবে জানিয়েছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি সুশৃঙ্খল নির্বাচন চায়। একটি দেশের জাতীয় মর্যাদা নির্ভর করে জাতীয় নির্বাচনের উপর। কিন্তু স্থানীয় কিছু নেতাকর্মী তা মানছেন না। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বলেন, এ বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার দেখাশুনা করবেন। সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী অভিযোগ অসত্য ও ভিত্তিহীন দাবি করে বলেন, সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছেন। তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও তিনি জানান।
