পবিত্র রমজান মাসে খোলা থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাফেটেরিয়ায় ইতিমধ্যেই ইফতার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে সেহরিও খেতে পারবে শিক্ষার্থীরা।
সোমবার (৪ এপ্রিল) মুঠোফোনে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় ইফতার আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে রমজান মাসে ক্যাফেটেরিয়া খোলা থাকবে৷ পাশাপাশি বুধবার থেকে সেহরি'র আয়োজন থাকবে৷
জানা যায়, প্রথম রোজা থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ইফতার আয়োজন করা হচ্ছে৷ শিক্ষার্থীদের জন্য একটি শরবত ও সাতটি আইটেমের সমন্বয়ে ৪০টাকা মূল্যের ইফতার প্যাকেজ চালু রয়েছে। যা থাকবে মাসব্যাপী।
ক্যাফেটেরিয়া পরিচালক মো. মাসুদ বলেন, রমজানের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের জন্য ইফতার প্যাকেজ আয়োজন করা হয়েছে। প্যাকেজে সাতটি আইটেম ও একটি শরবত রয়েছে। বুধবার থেকে সেহরির ব্যবস্থা থাকবে।
