তাড়াশে বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তি চরমে

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৩:২০

তাড়াশে রমজানের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে তারাবির নামাজের সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ উপজেলার ৪ লক্ষাধিক মানুষকে। 

এদিকে তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। সোমবার (৫ এপ্রিল) উপজেলার আট ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দিবাগত রাতে তারাবির নামাজ শুরুর আগে বিদ্যুৎ চলে যায়। এরপর তারাবির নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পর বিদ্যুৎ আসে। তাছাড়া অনেক এলাকাতে ইফতারের সময় থেকে তারাবির নামাজ অবদি বিদ্যুতের দেখা মেলেনি। কিন্তু তাড়াশ সদরে ভিন্ন চিত্র ছিল। কেবল ঐ নির্দিষ্ট এলাকাটুকোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মেলে। 

তাড়াশ পৌর এলাকার কহিত গ্রামের শফিকুল ইসলাম, বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের খায়ের আহমেদ, সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের শিপন আহমেদসহ অনেকে বলেন, তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় আমরা অসহনীয় কষ্ট পাচ্ছি। মসজিদের মধ্যে ভ্যাপসা গরমে ঘেমে ও রাতে ঘুমাতে না পেরে পুরোদমে অসুস্থ হওয়ার দশা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়েছেন তারা।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ কুমার দাশ বলেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম দিচ্ছে। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা যাচ্ছে না। 

ইত্তেফাক/এআই