মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সম্প্রতি গণফোরামে যোগদানকারী আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ। বুধবার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট অধ্যাপক আবু সাইয়িদের ছোট ভাই ডা. আবু শামীম তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ধোপদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন আলী।
অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল তাকে মনোনয়ন না দেওয়ায় গত সোমবার তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন। ধারণা করা হচ্ছে, তিনি জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে এ আসনে নির্বাচন করবেন। তিনি ১৯৭০, ১৯৭৩ এবং ১৯৯৬ সালে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম একজন সদস্য এবং পাবনা জেলা গভর্নর ছিলেন।
