বগুড়ার আদমদীঘির সান্তাহারে রিদয় হোসেন (১৭) নামের এক মাদরাসা ছাত্রের গলা কেটে হত্যার চেষ্টার সময় আপন দুই ভাইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটককৃতরা হলো নওগাঁর রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২০) ও তার ছোট ভাই ফায়সাল হোসেন (১৮)। গত ০৪ এপ্রিল সোমবার রাত ৮ টায় উপজেলার সান্তাহার ইউপির হেলালিয়াহাট এলাকায় ঘটনাটি ঘটে।
জানাগেছে, নওগাঁর রাণীনগরের উত্তর রাজাপুর গ্রামের আলম হোসেনের ছেলে রিদয় হোসেন উপজেলার সান্তাহার চাবাগান ‘জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসা’য় পড়াশোনা করে। ছুটি শেষে সোমবার রাতে রিদয় মাদরাসায় ফেরার জন্য তার চাচাতো ভাই ফায়সালের অটোরিকশা ভাড়া করে ফিরছিল। কিন্তু পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ওই গাড়িতে উঠে ফায়সালের ভাই শাকিল হোসেন। সেই পরিকল্পনা মাফিক তাদের অটোরিকশাটি সান্তাহার হেলালিয়াহাটের মোড়ে পৌঁছালে রিদয়ের গলায় ছুরিকাঘাত করে গলা কেটে হত্যার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে রিদয় দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে রিয়াদকে উদ্ধার করে এবং তাদের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় গত ৫ এপ্রিল মাদরাসা ছাত্রের বাবা আলম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
