মেডিক্যালের ভর্তি পরীক্ষায় প্রথম খুলনার মিম

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৭:৫২

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মীম খুলনা মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 

জানা গেছে, ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর। মীমের বাবা পেশায় একজন সহকারী অধ্যাপক। তার বাড়ি ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামে।

মীমের বাবার নাম মো. মোসলেম উদ্দিন সরদার। তিনি ডুমুরিয়া কলেজের সহকারী অধ্যাপক। তার মায়ের নাম খাদিজা খাতুন। তিনি একজন সরকারি চাকরিজীবী। ২০১৯ সালে যশোর বোর্ডের ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন মিম। ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন তিনি। খুলনা মহানগরীর মৌলভীপাড়ার টিবি বাউন্ডারি রোড এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।

এবারের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

দেশের সরকারি মেডিক্যাল কলেজে বিভিন্ন কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এবার সরকারি মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছেন এক হাজার ৮৮৫ জন ছাত্র। আর সরকারি মেডিক্যালে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন।

ইত্তেফাক/এএএম