আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ

সাভারে ৩ দিনেও খোঁজ মেলেনি অপহৃত চিকিৎসকের

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৩৭

সাভারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

অপহৃত ওই চিকিৎসকের নাম ডা. এস আর নজরুল। তিনি সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও বি.টি.এফ মেডিকেল ইন্সটিটিউট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন। 

নিখোঁজ নজরুলের স্ত্রী কুলসুম আক্তার অভিযোগ করেন, গত শনিবার রাত ৯ টার দিকে ৭ থেকে ৮ জন সাদা পোশাকের লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বাজার রোডে অবস্থিত নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও বি.টি.এফ মেডিকেল ইন্সটিটিউটে প্রবেশ করে নজরুলকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে ওইদিন রাতেই ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেই। ঘটনার একদিন পর রবিবার সকালে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

জিডির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হক বলেন, ওই হাসপাতালের আশপাশের বেশকিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করি অতিদ্রুত তাকে উদ্ধার করেতে সক্ষম হবো।

ইত্তেফাক/এমএএম