কোরিয়ায় বাংলাদেশি দম্পতির কোলজুড়ে চার সন্তান

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৫৪

দক্ষিণ কোরিয়ার এক বাংলাদেশি দম্পতির কোলজুড়ে এসেছে চার সন্তান। চার শিশু একসঙ্গে জন্ম নেওয়া এমন ঘটনা কোরিয়ায় বিরল। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় উইজংবু সংমু হসপিটালে এক মিনিট পর পর ওই চার সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে দুইজন ছেলে আর দুইজন মেয়ে।

হাসপাতালের দেওয়া তথ্য মতে, চার শিশুর মধ্যে সবার ওজন ১.৬ থেকে ১.৮ কেজির মধ্যে। তাদের সবাই এখন সুস্থ আছে।

অপারেশোনের দায়িত্বে থাকা চিকিৎসক প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের অধ্যাপক কিম ইওন-হি বলেন, মা বর্তমানে ডেলিভারি রুমে সেবা নিচ্ছেন। আর চার সন্তান বর্তমানে নিবিড় পরিচর্যা ইউনিটে (নবজাতকের) চিকিৎসা নিচ্ছেন। 

হাসপাতালের পরিচালক হান চ্যাং-হি, অভিভাবকে অভিনন্দন জানিয়ে নবজাতক যেন সুস্থ থাকে সে জন্য প্রার্থনা করবেন বলে জানিয়েছেন।

অপারেশনের দিন হাসপাতালটির প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, অ্যানেস্থেশিয়া বিভাগ, অপারেটিং রুম, নবজাতক কক্ষ ও ডেলিভারি রুম মিলিয়ে প্রায় ৩০ জন মেডিক্যাল স্টাফের অক্লান্ত পরিশ্রম আর কর্মদক্ষতায় চার শিশুর জন্ম হয়।

ইত্তেফাক/জেডএইচডি