সাতক্ষীরায় কপোতাক্ষের বাঁধে ভাঙন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (৫ এপ্রিল) ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। ভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘গত অমাবস্যার সময় থেকে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের কপোতাক্ষ নদ এলাকায় বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট স্থান জুড়ে আকস্মিকভাবে ভাঙন দেখা দিয়েছে। কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে মূল বেড়িবাঁধের একাংশের ৩০০ ফুট এলাকা নদীগর্ভে চলে গেছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে ঝড়-জলোচ্ছ্বাসে বাঁধ আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়নটির একটি বড় অংশ।

ইত্তেফাক/এমআর