মুন্সীগঞ্জে নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদী থেকে ২ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকালে একজনের লাশ উদ্ধার করা হয় নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদী থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয় একই নদীর মিরকাদিমে কাঠপট্টি লঞ্চঘাটের কাছ থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান।
নিহতরা হচ্ছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইরবাগ গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর (১৭) এবং ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াম (১৬)।
নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া নিহত দু’জন কিশোরই নির্মাণ শ্রমিকের কাজ করতো। তারা দু’জনসহ ৫ বন্ধু একসাথে কোমল পানীয়ের সাথে ঘুমের ট্যাবলেট খেয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ৫ বন্ধুর মধ্যে রনি, রুবেল ও পারভেজ নদী থেকে উঠতে পারলেও রিয়াম ও আলমগীর নিখোঁজ হয়। তবে বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
