পতনের মুখে বেনেটের জোট সরকার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:১১

দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জোট সরকার। বেনেটের ডানপন্থী ইয়ামিনা দলের সংসদ সদস্য ইদিত সিলমানের পদত্যাগের ফলে সরকার গঠনের মাত্র ১০ মাসের মাথায় তা পতনের মুখে পড়েছে। বুধবার (৬ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ক্ষমতাসীন জোটের সদস্যরা ইদিত সিলমানের পদত্যাগকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নিন্দা জানালেও তার এমন সিদ্ধান্তে ভীষণ খুশি বিরোধী নেতানিয়াহুর দল। নেতানিয়াহু ইতোমধ্যে সিলমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার দল সরকার গঠন করতে পারলে সিলমানকে মন্ত্রীত্ব দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে নেসেটে সরকার ও বিরোধী দলের সদস্য সংখ্যা সমান সমান। জোটের আরেকজন সদস্য পদত্যাগ করলেই সরকারের পতন হবে এবং দেশটিকে আবার নির্বাচনে যেতে হবে।

প্রধানমন্ত্রী বেনেট গণমাধ্যমকে বলেছেন, তিনি সিলমানের পদত্যাগের বিষয়টি জানতেন না। আজ সকালে আচমকা খবরটি জানার পর তিনি খুব বিস্মিত হয়েছেন।

এ ঘটনার পর তিনি আজকের নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করেছেন উল্লেখ করে সংবাদ প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনেট পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে শিগগির বৈঠক করবেন।

ইত্তেফাক/এএইচপি