জামিনে মুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা 

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:০০

গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন তার মুক্তির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, গত বছরের ২১ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মঙ্গলবার তার জামিনে মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার ইফতারের আগে বিকাল ৫ টা ৫০ মিনিটে তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

শামীমা নাসরীনের আইনজীবী বলেন, এসব মামলায় বাদীপক্ষের সঙ্গে তার মক্কেল শামীমা নাসরীন আপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

গ্রাহকের টাকা নিয়ে সঠিক সময়ে পণ্য না দেয়ার অভিযোগ এনে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার স্বামী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বাড্ডা থানায় গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা করেন আলমগীর হোসাইন নামে এক গ্রাহক। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ইভ্যালি ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসে কম মূল্য অফার করে। পরে তিনি ও তার আর এক বন্ধু  মোট ২৮ লাখ টাকার পণ্য অর্ডার করেন এবং টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলে প্রতিষ্ঠানটি তা করেনি। ওই দিন বিকালে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেফতার করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডে নেয় পুলিশ। 

এদিকে, গতকাল বুধবার গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে পাঁচ মাস আগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া জামিন পেয়েছেন। মামলার বাদীপক্ষ ও আসামির মধ্যে আপস হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হয়।

ইত্তেফাক/এএএম