ফতুল্লায় শামীম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন রাজ্জাকের ভাঙ্গারী দোকানে এঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- আলী ও অসিন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম। তবে, তাৎক্ষনিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত শামীম (৩০) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন।
শামীমের স্ত্রী সুরমী জানান, দুপুর সাড়ে ১২টায় কোন একজন ফোন করে জানান তোমার স্বামীকে রাজ্জাকের ভাঙ্গারীর দোকানে রাজ্জাকসহ কয়েকজন মিলে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছি।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
