এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৩:৩০

এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্প। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় তারা তাদের ব্যাবসায়িক কার্যক্রম স্থগিত করেছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো ইন্টেল।

গত মাসে রাশিয়া এবং বেলারুশে গ্রাহকদের চালান স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা এবং দ্রুত শান্তিতে ফিরে আসার আহ্বান জানাতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা। 

এদিকে ইউক্রেনের বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, সেখানে ৩২০ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ সৈন্যরা। ওই শহর দখলের সময় এসব নিরীহ মানুষকে হত্যা করা হয়। 

ওয়ার্ড টুনাইটকে দেওয়া এক সাক্ষাত্কারে ফেদোরুক বলেন, তিনি ব্যক্তিগতভাবেই রুশ বাহিনীর হাতে বহু মানুষের হত্যাকাণ্ডের সাক্ষী। তিনি বলেন, আমার চোখের সামনেই অনেক কিছু হয়েছে। ফেদোরুক বলেন, সেখানে তিনটি বেসামরিক গাড়িতে করে লোকজন কিয়েভে যাওয়ার চেষ্টা করছিল এবং তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

ইত্তেফাক/ ইআ