আজিমপুরে নার্স হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৩:৩৯

রাজধানীর আজিমপুরের দক্ষিণ কলোনির বাসা থেকে কাবেরী রানী সরকার (৩২) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ এপ্রিল) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। স্বজনের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তার স্বামী রূপম চৌধুরী এতে জড়িত।

লালবাগ থানার এসআই অজয় কৃষ্ণ জানান, দক্ষিণ কলোনির ৩০ নম্বর ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন কাবেরী। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কাবেরীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মৃতের ভাই রাজীব কুমার জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নয় মাস আগে বেকার যুবক রূপম চৌধুরীর সঙ্গে তার বোনের বিয়ে হয়। এর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় কাবেরীর। ওই সংসারে তার দুই ছেলেমেয়ে রয়েছে। তারা মায়ের সঙ্গেই থাকত।

তিনি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় থাকেন রূপম। মাঝেমধ্যে তিনি কাবেরীর কাছে আসতেন। সর্বশেষ গত শনিবার রাতে তিনি দক্ষিণ কলোনির বাসায় আসেন। এরপর গতকাল ভোরে স্ত্রীকে হত্যা করে গহনা ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান। কেরানীগঞ্জে কাবেরীর ফ্ল্যাট ছিল। রূপম সেটি বিক্রি করিয়েও ৩৫ লাখ টাকা নিয়েছেন। এছাড়াও নানা কৌশলে তিনি এ পর্যন্ত ৭০-৮০ লাখ টাকা হাতিয়েছেন। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।

ইত্তেফাক/এমএএম