বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘ফ্রি সার্ভিস ফেস্ট’

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০:৩৯

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ফেস্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪ এপ্রিল সোমবার থেকে ফ্রি সার্ভিস ফেস্ট শুরু হয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

১০ দিনের এই আয়োজনে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড এসার, আসুস, এভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো, এমএসআই এদের নিজস্ব আলাদা আলাদা স্টলে ফ্রি সার্ভিস প্রদান করবেন। ক্রেতাদের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির যাবতীয় সেবা সমূহ ফ্রিতে দেবেন ব্যান্ডগুলো।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ এপ্রিল) বিসিএস কম্পিউটার সিটিতে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী (পিনু)।

তিনি বলেন, ক্রেতারা তাদের ক্রয়কৃত পণ্যের সরাসরি ব্র্যান্ড থেকে সেবা নিতে চায়। এই বিবেচনায় সকল ব্র্যান্ডকে একসঙ্গে করে গ্রাহক সন্তুষ্টির লক্ষে আমাদের এই প্রয়াস।

কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, মার্কেটে ক্রেতা সন্তুষ্টির লক্ষে সবসময় আমরা বিভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করি। এই আয়োজন সেই চেষ্টারই ধারাবাহিকতা।

সার্ভিস ফেস্টের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, যেহেতু বিসিএস কম্পিউটার সিটি এদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট এবং ৯৫ শতাংশ ডিস্ট্রিবিউটরের শোরুম এখানেই। তাই ক্রেতারা পণ্যের সঠিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষে এবং নির্দিষ্ট পণ্যের জন্য নির্ধারিত কোম্পানি থেকে সরাসরি সমাধানের লক্ষেই আমাদের এই আয়োজন।

ফ্রি সার্ভিস ফেস্ট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য,  বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, রায়ান্স কম্পিউটার্স স্বত্বাধিকারী আহমেদ হাসান জুয়েল, বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি ও স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইঞা, গ্লোবাল ব্র্যান্ডের জিএম কামরুজ্জামান, এমএসআই বাংলাদেশের প্রতিনিধি ফারদিন হোসেন, এসার এর স্থানীয় প্রতিনিধি খোরশেদ আলমসহ অন্যান্য ব্র্যান্ডের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত মার্কেটে ক্রেতা সাধারণের জন্য থাকবে সব ধরনের পণ্যের উপর আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্য ছাড়। এই সময় মার্কেটের নিচ তলায় প্রত্যেক ব্র্যান্ডের প্রদর্শনী বুথও থাকবে।

ইত্তেফাক/এমআর