ইউক্রেনের পতাকায় চুমু দিয়ে রাশিয়ার নিন্দা পোপের

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:০৯

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থিত বুচা শহর থেকে পাঠানো দেশটির জাতীয় পতাকায় চুমু খেয়েছেন পোপ ফ্রান্সিস। পরে ওই শহরে রুশ সেনাদের চালানো ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের নিয়মিত কর্মসূচি হিসেব বুধবার (৬ এপ্রিল) বক্তব্য দেওয়ার সময় তিনি ইউক্রেনের একটি পতাকা মেলে ধরেন ও তাতে চুম্বন করেন।

গত সপ্তাহে বুচায় সাধারণ নাগরিকদের ওপর রুশ বাহিনীর হত্যাযজ্ঞের কিছু ছবি গণমাধ্যমে আসতে শুরু করে। এসব ছবিতে, বুচার রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া শত শত মানুষকে গণকবর দেওয়া হয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়।

এই ঘটনায় পোপ বলেন, আরও ভয়ঙ্কর নিষ্ঠুরতা চালানো হয়েছে। নারী ও অসহায় শিশুদের ওপরও নিষ্ঠুরতা চালানো হয়েছে।

ইউক্রেন থেকে আসা শিশু শরণার্থীদেরও নিজের কাছে মঞ্চে ডেকে নেন পোপ। এরপর এই শিশুদের দেখিয়ে তিনি বলেন, এই শিশুদের পালিয়ে এখানে একেবারে অপরিচিত এক জায়গায় আসতে হয়েছে। তারপর প্রত্যেক শিশুর হাতে উপহার তুলে দেন পোপ।

ইত্তেফাক/টিআর