টিন ও বাঁশের বেড়া দিয়ে কালিয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় ঘটেছে ঘটনাটি। এতে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা বেকায়দায় পড়েছেন।
রাস্তাটি মুক্ত করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার ইকরামুল করিম সোমবার (৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার ইকরামুর কবির বলেছেন, স্থানীয়ভাবে রাস্তাটি মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অভিযোগ দায়ের করেছি। স্কুলের পাশের একটি বাড়ির ওপর দিয়ে ছাত্রদের নিয়ে চলাচল করছি। ঐ বাড়ির মালিকের পক্ষ থেকেও আপত্তি করা হয়েছে। বর্তমানে স্কুলটি অচল হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
এদিকে অভিযুক্ত মতিয়ার রহমান ঠাকুর বলেছেন, স্কুলের রাস্তাটি তার মালিকানা জমির ওপর দিয়ে হওয়ার কারণে তিনি সেটি বন্ধ করে দিয়েছেন। প্রয়োজনে অন্য জায়গা দিয়ে স্কুলের রাস্তা নির্মাণে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারের (ভূমি) ওপর ন্যস্ত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম বলেছেন, তিনি অভিযোগটি হাতে পেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
