ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এএস এম আসাদুজ্জামানের সংবাদ সম্মেলনের বক্তব্য ভাইরাল হয়েছে।
দায়িত্ব নেওয়ার আগেই নবাগত ওসি এ এস এম আসাদুজ্জামান বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যের শেষ দুই লাইনে তিনি বলেন, ‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নিবে না।’ বিষয়টি নিয়ে সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ব্যাপারে ওসি আসাদুজ্জামানের বক্তব্য নেওয়ার জন্য তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, আগের ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে এ এস এম আসাদুজ্জামানকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এখনো দায়িত্বভার বুঝে নেননি। কী কারণে ওসি আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করলেন বিস্তারিত জেনে আপনাদের জানাবো।
