মঠবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০২ জুন ২০১৯, ১৯:০১

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ হাওলাদার (২০) নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ ওই গ্রামের দিন মজুর কালাম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিফের সঙ্গে স্থানীয় প্রতিবেশী কয়েক যুবকের গুটি খেলা নিয়ে কয়েকদিন পূর্বে বাক-বিতণ্ডা হয়। এর জেরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট শৌলা এলাকার বেলায়েত খানের বাড়ির সামনে প্রতিপক্ষরা আরিফের গলায় চাকু মেরে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার দিকে অরিফ মারা যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর আরিফের মৃত্যু হয়। 

আরও পড়ুন: দাদার বাড়িতে ঈদ করা হলো না মারিয়ার

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/নূহু